সাভার (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ায় বংশী নদীতে ভাসমান অবস্থায় গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর ওয়েস্টেজ ব্যবসায়ী মঈনুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও দক্ষিণপাড়া এলাকার বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা ২৬ হাজার ৩৪০ টাকা, একটি স্মার্ট ভিভো মোবাইলফোন ও বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়।
নিহত মঈনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ওয়েস্টেজ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভগ্নিপতি সফিকুল ইসলাম জানান, তার সমন্দি মঈনুল ইসলাম পেশায় একজন ওয়েস্টেজ ব্যবসায়ী ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন কালিয়াকৈর থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হলেও তার কোন খবর পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে আশুলিয়ার বংশাই নদীতে একজন মানুষের লাশ ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, নিহত ওই ব্যবসায়ী দুইদিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের দুই দিন পর আজ সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





