সাভার (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর উপকন্ঠ সাভার-আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার চোলাইমদ ও একশত পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া চোলাইমদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা এবং ইয়াবার বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এর আগে, শনিবার দিবাগত রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া, টঙ্গাবাড়ি এবং সাভারের রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার জুরাইছড়ি উপজেলার জুরাইছড়ি লেবারপাড়া এলাকার মুংসসিং মারমার ছেলে সুমন মারমা (৪৫) এবং তার স্ত্রী কালাবি চাকমা (৩৮)। সুমন মারমা ও কালাবি চাকমা বর্তমানে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় মরহুম আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
ডিবি পুলিশ জানায়, গত ১৮ জুলাই দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় ডিবি পুলিশের এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি বাসা থেকে ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার করেন। এ সময় সুমন মারমা ও তার স্ত্রী কালাবি চাকমাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আশুলিয়ার টংগাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তারকৃত শান্ত ইসলাম রহিম (২২) আশুলিয়া থানার চাঁনগাও এলাহী মার্কেট এলাকার মোঃ কবির হোসেনের ছেলে এবং সাভারের রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত মোঃ আলমগীর হোসেন (৩১) স্থানীয় শাপলা হাউজিং এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তাদের দুইজনের কাছ থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক কারবারী। মাদক কারবারের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে নলেও জানান তিনি।





