ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল৷ ছাত্রদল সভাপতির দায়িত্বে অবহেলায় ধামরাই উপজেলা জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা৷ গত শনিবার ১২ সেপ্টেম্বর রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদকের সাক্ষরিত নোটিশে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, চব্বিশ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে৷
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত নির্দেশনায় এ নোটিশ দেওয়া হয়।
এদিকে, উপজেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক নোটিশের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, ‘আর কত অভিযোগ উঠলে বহিষ্কার করা হবে, তা আমাদের জানা নেই।’ তারা এসকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে কোনো ব্যক্তির কর্মকাণ্ডে যেন ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে,আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকবো না,’ উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে গিয়ে এভাবেই শাসাতে দেখা যায় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে রবিন সেখানে গেলেও ব্যবসায়ী সাদ্দাম দাবি করেছেন, পারিবারিক বিরোধে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি আরও জানান এ ঘটনায় আতঙ্কে রয়েছে তার পরিবার৷
স্থানীয় এক বালু ব্যবসায়ীর অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ইসলামপুরের আজীজ ট্রেডিংয়ের বালুর গদিতে ৫০ শতাংশ শেয়ার দাবি করে ওই ছাত্রদল নেতা রবিন হুমকি দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে শেয়ার না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ সূত্রে আরও জানা যায়, এতে ব্যবসায়ী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷
এছাড়া প্রতারণা, জালিয়াতি, জাল কাগজ ব্যবহার, বিশ্বাসভঙ্গ, হুমকি ও নারীকে অপমানের অভিযোগে ছাত্রদল সভাপতি রাফিজুল ইসলাম রবিনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর ২৩০/২০২৫ (ধামরাই)। এতে ছাত্রদল নেতা রবিনকে ২ নম্বর আসামি করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, দলের নাম ব্যবহার করে কোনো অপকর্মের সুযোগ নেই। ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সংগঠনের নীতিমালা পরিপন্থী অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




