সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এর আগে ভোর ৫টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে স্থানীয়রা আগে থেকেই আগুন নিয়ন্ত্রনে আনায় একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। আগুনে পিকআপ ভ্যানটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গতঃ গত বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে দুটি মোটরসাইকেলযোগে ৪ জন দুর্বত্ত আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত অবস্থায় বের হয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।





