সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে আশুলিয়ার মাদারটেক স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইসলামনগর একাদশ এক শূন্য গোলে ঘুঘুদিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার পুরো সময় জুড়েই মাঠে দর্শকদের উল্লাস, করতালি আর বাঁশির শব্দে উৎসবের আমেজ বিরাজ করে।
ফাইনাল খেলায় ইসলামনগর একাদশের আক্রমণভাগের খেলোয়াড়রা শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে। ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে তারা। অপরদিকে ঘুঘুদিয়া একাদশ বেশ কয়েকবার আক্রমণে গেলেও তা প্রতিহত হয় প্রতিপক্ষের ডিফেন্স ও গোলরক্ষকের দক্ষতায়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোনো গোল শোধ করতে না পেরে পরাজয় মেনে নিতে হয় তাদের।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তোলে।”
পাথালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট দেখতে মাঠে প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের উল্লাসে মাঠ ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় তরুণরা জানান, প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করলে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজ আরও বেশি দূরে থাকবে।





