সাভার (ঢাকা) প্রতিনিধিঃ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মসজিদ ঢাকা জেলা উত্তর। শুক্রবার বিকেলে সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ বলেন, যতক্ষন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততক্ষন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আশা আকাঙ্খা পূরন হবেনা। সুতরাং যে পাঁচটি দাবি নিয়ে সারা বাংলাদেশের জেলায় জেলায় আজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে, এই পাঁচটি দাবি যতক্ষন পূরন না হবে ততোক্ষন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, আমরাতো বেশিকিছু চাইনি। জুলাই গণহত্যাকারীদের বিচারটি দৃশ্যমান হোক এটাই আমাদের চাওয়া। যারা ক্ষমতায় আসছেন, যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি, উপদেষ্টাদের কাছে আমাদের তেমন চাওয়া পাওয়া নাই। আমাদের পাঁচটি দাবি যদি বাস্তবায়ন করা হয় তাহলেই আগামী নির্বাচন সময়মতো হবে। নাহলে সময়মতো নির্বাচন হওয়ার কোন সুযোগ নাই।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্ত্যবাদি ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং উচ্চ কক্ষের পিআর পদ্ধতির বাস্তবায়ন।
বক্তারা এসময় আরও বলেন, ফ্যাসিস্ট এর দোসরদের এখনও আমরা বিদায় করতে পারিনি। এই জাতীয় পার্টি ও ১৪ দল সবসময় শৈরাচার সরকারকে সহযোগীতা করে গেছে। আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন না হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং শুধুমাত্র ভোট বাক্সের রাজনীতি বলে প্রচার পাবে। তাই অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে বিক্ষোভকারীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদদের নেতৃত্বে তাদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





