সাভার (ঢাকা) প্রতিনিধিঃ জামিনে বেরিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমেনুল ইসলাম রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভোরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোমেনুল ইসলাম রাজু (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকুরা ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকার বি-২৮/১ নম্বর আজহার উদ্দিন ভিলার তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, রাজু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক পলাতক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজু সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। দলীয় হাইকমান্ডের নজরে আসতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিলো। সম্প্রতি বিদেশ থেকে অর্থ এনে আবার মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে সাভার মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এসআই শহীদুজ্জামান, এসআই মোস্তাকিম বিল্লাহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, নতুন করে অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





