আমিনবাজারে শোকের ছায়া: কলকাতায় অগ্নিদগ্ধ বাবুকে চির বিদায়

​মহসিন খান বুলবুল:  ​একটি স্বপ্ন, পরিবারের একটু স্বচ্ছলতা আর ভালো থাকার আকুতি নিয়ে সীমান্তে পাড়ি দিয়েছিলেন সাভারের আমিন বাজার বেগুন বাড়ির আহমেদ বাবু। কিন্তু কে জানত, প্রবাসের সেই রঙিন স্বপ্নই হবে তার জীবনের শেষ অধ্যায়? কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তরুণ আহমেদ বাবুর নিথর দেহ যখন আমিনবাজারে পৌঁছাল, তখন পুরো এলাকা জুড়ে নেমে আসে এক নিস্তব্ধ হাহাকার।

অশ্রুসজল চোখে, ভেজা বাতাসে স্বজন আর সহসেবীদের কান্নায় বিদায় জানানো হলো প্রিয় মুখটিকে।

​শনিবার দিবাগত ভোর রাতে নিহত বাবুর কফিনবন্দি দেহ আমিনবাজারে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানহারা মায়ের আহাজারি আর স্বজনদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। শৈশবের খেলার মাঠ, চেনা পথঘাট আর পরিচিত মানুষদের ফেলে আহমেদ বাবু চলে গেলেন না-ফেরার দেশে। তাকে শেষবারের মতো দেখতে ঢল নামে স্থানীয় সর্বস্তরের মানুষের। অশ্রুসজল চোখে প্রতিবেশীরা জানান, শান্ত ও পরিশ্রমি ছেলে হিসেবে বাবুর সুনাম ছিল পুরো এলাকায়।
​

স্থানীয় হিজলা পাচ মসজিদ বালুর মাঠে জানাজা শেষে আমিন বাজার কেন্দ্রীয় (বরদেশী) কবরস্থানে অশ্রুসিক্ত ভালোবাসায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রবাসের আগুন শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশাটুকুও। কান্নাভেজা চোখে এলাকাবাসীর একটাই প্রার্থনা—ওপারে ভালো থেকো বাবু।

  • Related Posts

    আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, ফলজ গাছ কেটে ফেলা এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে…

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় প্রীটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানা চত্বরে কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *