সাভার (ঢাকা) প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যের ব্যাপারে খুবই সচেতন। আমাদের মূল লক্ষ্যটাই থাকবে নিরাপদ খাদ্য সাধারন জনগনের কাছে পৌছে দেওয়া। কাজেই মানুষের খাদ্যকে নিরাপদ রাখার জন্য যা যা করা প্রয়োজন আমরাই তাই করবো। রবিবার সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় অবস্থিত সাভার সরকারী খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, মাত্র কিছুদিন হলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আসলামতো মাত্রই বেশীদিন হয়নি। কাজেই আমাকে আরেকটু দেখতে হবে, বুঝতে হবে। সবকিছু দেখা এবং বুঝার পরই আমরা সিদ্ধান্ত নিবো কিভাবে দুর্নীতিটা এখান থেকে সড়ানো যায়।
মন্ত্রী এসময় আরো বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী থাকতে পারবেনা। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ও এ বিষয়ে সতর্ক রয়েছে।
খাদ্য গুদাম পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক সাভার খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।





