ডিবির এসআই নাফিউলসহ ৪ জনের বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় মাদক উদ্ধারের নামে এক নারী শ্রমিকের বাসায় তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার চুরি এবং কোনো মাদক না পেলেও মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই নাফিউল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়েরে করেছেন এবং বিষয়টি সম্পর্কে জানার কথা স্বীকার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম।

অভিযুক্ত ডিবির অন্য সদস্যরা হলেন, ঢাকা জেলা ডিবি পুলিশের এএসআই আব্দুস সালাম, কনস্টেবল মোঃ আইয়ুব আলী, মোঃ আমিনুল, মোঃ মাহাবুব, সোর্স আমিনুলসহ অজ্ঞাত কয়েকজন।

এদিকে একের পর এক ডিবি পরিচয়ে সাধারন মানুষকে আটক বা জিজ্ঞাসাবাদের নামে অর্থ দাবি করে হয়ারানি এবং সাভার ও আশুলিয়া ও ধামরাইয়ে মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠায় সুশিল সমাজের প্রতিনিধিরা ডিবি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভুক্তভোগী ওই নারী শ্রমিকের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত আনুমানিক ১১ টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ভাদাইল হাজী আলাউদ্দিন স্কুল সংলগ্ন নিজ বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন রুমা আক্তার বন্যা। এ সময় ‘ঢাকা মিন্টু রোড ডিবি পুলিশ’ পরিচয়ে এসআই নাফিউল ইসলাম, এএসআই আব্দুস সালাম, কনস্টেবল মোঃ আইয়ুব আলী, মোঃ আমিনুল ও মোঃ মাহাবুবসহ কয়েকজন তার বাসায় প্রবেশ করেন। পরে বাসায় তল্লাশী চালিয়ে কোন মাদক না পেলেও মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন এসআই নাফিউল।

ভুক্তভোগী নারীর শ্রমিকের অভিযোগ, এসআই নাফিউলের দাবিকৃত ৫০ হাজার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে গ্রামের বাড়ি জামালপুরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিকাশ থেকে ১৫ হাজার টাকা এনে ডিবি পুলিশকে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযোগের শেষ এখানেই নয়।
ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, ডিবির সদস্যরা টাকা নিয়ে চলে যাওয়ার পর তিনি ঘরে ঢুকে সমস্ত মালামাল এলোমেলো দেখতে পান। পরে ড্রেসিংটেবিলের ড্রয়ারে থাকা একটি ব্যাগে গচ্ছিত তিনটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা) এবং একটি বাটন মোবাইল ফোন আর খুঁজে পাওয়া যায়নি।

পোশাক শ্রমিক বন্যার অভিযোগ, তল্লাশির সুযোগে তার অনুপস্থিতিতে ওই স্বর্ণালংকার ও মোবাইল ফোনটি ডিবি সদস্যরাই নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিবির এসআই নাফিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীও আমার কাছে এসেছিলেন এবং ঘটনাটি আমি শুনেছি। তাদের সঙ্গে আমিনুল নামে একজন সোর্স ছিলো যে ওই নারীর কাছ থেকে টাকাটি নিয়েছে। পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আমিনুলকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গতঃ ডিবির এসআই নাফিউল ও এএসআই সালাম সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযানের নামে সাধারন মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এর আগেও ধামরাইয়ের গাঙ্গুটিয়া এলাকার তুলা মিয়ার ছেলে চিহ্নিহ ইয়াবা ব্যবসায়ী জহিরুল ইসলামকে, উত্তর সুয়ারপুর এলাকার ইব্রাহিমসহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর মাদক কম দেখিয়ে মামলা সহজ করে দেয়ার কথা বলে প্রায় ৫ লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ রয়েছে এসআই নাফিউল, এএসআই সালাম ও তাদের সিন্ডিকের বিরুদ্ধে। দ্রুত অভিযুক্ত এসআই ও তার সগযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে ডিবি পুলিশের ভাবমুর্তি তলানিতে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা।

  • Related Posts

    আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

    সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কারখানাটির ভুক্তভোগী শ্রমিকদের সাথে…

    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

    জামালপুর প্রতিনিধিঃ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *