সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহের কারনে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় অবস্থিত আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে সাভার-আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অংশগ্রহন করেন।
আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। একাজে সহযোগীতা করেছেন আওয়ামীলীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার। নিজেদের স্বার্থে আঘাত লাগার কারনেই ওসি দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন যা দায়িত্বশীল স্বাধীন সাংবাদিকতায় বাঁধা সৃষ্টি করেছে।
আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ইতিপূর্বেও আরো দুইজন সাংবাদিকের নামে মিথ্যা ভাংচুরের মামলা নেন এই ওসি।
আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন আহামেদ বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মোঃ শফিউল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।
বক্তারা এসময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং আওয়ামী লীগ নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
আয়োজিত মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।





