সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রীর সময় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্য মোঃ জালাল উদ্দিন।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ খাঁ (৪০)। সে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাভার বাজার বাষ্ট্যান্ডের মুনসুর মার্কেটের সামনে মাদক বিক্রীর সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফ খাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্য মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরিফ খাঁ দীর্ঘ্যদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রীর সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধারা-৩৬(১) সারণীর ১৯(ক) এ মামলা (নং-১৩) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।





