ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যাবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ওই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের মৃত মান্নান হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪২), বরিশাল জেলার উজিরপুর থানার বরতা গ্রামের হাবিবুর রহমান শিকদারের ছেলে হাফিজুর রহমান টুকু (৪৭), বরিশাল জেলার মুলাদী থানার ভেদরিয়া গ্রামের কাঞ্চন ব্যাপারির ছেলে ইমরান ব্যাপারি (৩৩), ফরিদপুর জেলার শিবরামপুর মাদারডাংগী গ্রামের সামসু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৩৭) ও ভোলা জেলার দুলার হাট থানার চর তোফাজ্জল গ্রামের সুরুজ্জামালের ছেলে মনির হোসেন (৪৭)।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে আরিচা গামী লেনে ডাকাতির প্রস্তুতিকালে ধামরাই থানার (এসআই) এস এম কাউসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেন। এসময় তাদের সাথে থাকা ১টি হাতুরি, ১টি চাকু, ৪টি লোহার রড ও ১টি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়। তারা ঢাকা-আরিচা মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া তারা দীর্ঘদিন ধরে অপহরণ ছিনতাইয়ের সাথে জড়িত।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, উপজেলার বাথুলি এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র এবং একটি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা (নং-৪) দায়ের করো হয়েছে। ওই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।





