আশুলিয়া প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ার শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া এলাকার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিদের হাতে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়নের ২৬টি দূর্গা পূজা মন্দিরের প্রতিনিধির হাতে নগদ ৫ হাজার করে টাকা তুলে দেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ২ ও ৯ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন রানা, ৬ নং ওয়ার্ড মেম্বার ফারুক হাসান শফিক ও সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের মেম্বার বুলু বেগম।
এছাড়াও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল ঘোষ, পাথালিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কুমার ঘোষসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির বলেন, আমার অফিসে মনিটরিং সেল বসিয়েছি। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রতিদিন রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত মাঠে থাকবো। যেদিন আপনারা সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দিবেন, সেদিন আমি ঘরে ফিরে যাবো। আমি আপনাদের সকল প্রকার সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো। কোন মন্দিরে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন। আমি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আপনাদের মন্দিরে চলে আসবো।





