সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় এক ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২৪) এর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রবিন হোসেন (২৯) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে আটক করেনি পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী রবিন হোসেন আশুলিয়ার রুপায়ন মাঠ বটতলা এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় ডিসের ব্যবসা করেন। অন্যদিকে অভিযুক্ত ইয়ার হোসেন আশুলিয়ার জামগড়া রুপায়ন বটতলা এলাকার ইমারত হোসেনের ছেলে। সে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এমন কোন অপরাধমূলক কাজ নেই যা সে করেনা। রুপায়ন মাঠ এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও বিভিন্ন দোকানে লুটপাটসহ নানা অপরাধমূলক কাজ করে থাকে ইয়ার হোসেন। তার নামে রয়েছে একাধিক মামলাও।
সম্প্রতি কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনকে এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেন ওই এলাকার ডিস ব্যবসায়ী রবিন। পরে এলাকার বিভিন্ন লোকের কাছে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর দুপুরে দিকে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে আরো ৭-৮ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রবিনের বাড়িতে গিয়ে তার খোঁজ করতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। পরে রবিন বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় মাদক ব্যবসায়ী ইয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, এলাকায় মাদক বিক্রী করতে নিষেধ করায় আমাকে হত্যার হুমকি দিয়ে দলবল নিয়ে বাড়িতে গিয়ে খোঁজ করেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন। এরকম অবস্থা চলতে থাকলে আমরা কিভাবে নির্ভয়ে চলাচল করবো। তিনি এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে গ্রেপ্তারপূর্কব শাস্তির দাবী জানান।
স্থানীয়রা বলেন, ইমারতের ছেলে ইয়ারের কথা আর বইলেন না। সে তো একজন বেপরোয়া। ওর জন্য কেউই শান্তিতে নাই। তবে এ বিষয়ে অভিযুক্ত ইয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, হত্যার হুমকির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





