সাভার (ঢাকা) প্রতিনিধিঃ আসল পণ্য বলে নকল পণ্য দেয়ায় পণ্যের মূল্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাভারে একটি মার্কেটে দোকান কর্মচারীদের বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। এসময় ৫ শিক্ষার্থীকে মারধর করে দোকানের ভেতর আটকে রাখার অভিযোগ উঠেছে ওই মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে। খবর পেয়ে যৌথবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ৫ শিক্ষার্থীকে উদ্ধার করেন। সোমবার রাত ৯ টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ সংলগ্ন রয়েল মার্কেটের একটি চশমার দোকানে এ ঘটনা ঘটেছে।
অন্যদিকে ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের এ বিবাদ যাতে ডালপালা ছাড়াতে না পারে সে বিষয়ে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও তার সহপাঠী রয়েল মার্কেটের ওই দোকান থেকে একটি হেডফোন কিনেন। কিন্তু তারা বিশ^বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন আসল হেডফোন বলে বেশী টাকা নেয়া হলেও সেটি নকল হেডফোন। পরে সোমবার রাতে হেডফোনটি ফেরত দিতে আললে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় দোকানের মালিকসহ কর্মচারীরা শিক্ষার্থীদের হাতুড়ি দিয়ে আঘাত করেন। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই দোকান মালিক অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এমন কথা মার্কেটে ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যাবসায়ীরা ৫ শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাভার থানা পুলিশ, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর নবনির্বাচিত নেতারা। এসময় শিক্ষার্থীদের উদ্ধার করার পাশাপাশি আহত দোকান মালিককে দেখতে মেডিকেলে যান জাকসু নেতারা।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান বলেন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সাধারণ ঘটনা যাতে বড় আকার ধারণ না করে সে ব্যাপারে সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।





