সাভার প্রতিনিধিঃ সাভারে দুই ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ সভাপতি ও তেতুলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের পুত্র। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময়ে তার ভয়ে এলাকায় অনেকেই তটস্থ থাকতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, গত বছরের ৫ আগষ্ট সাভারের বাসিন্দা নারায়নগঞ্জের সোনারগাও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাত হোসেন (১৯) সাভার বাসষ্ট্যান্ডের রানা প্লাজার সামনে পুলিশ ও আওয়ামীলীগ দলীয় লোকের গুলিতে নিহত হন। এঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭৬ নম্বর আসামী গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন। এ ছাড়া একই দিন সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন সাভারের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত (১৭)। এ ঘটনায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন এ মামলায় ১০০ নম্বরে তালিকা ভুক্ত আসামী। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর রবিবার গোপন খবরের ভিত্তিতে তাকে ব্যাংক কলোনীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।





